
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেরো ভিওত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে ওয়াশিংটনের এ পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, রাষ্ট্রদূত ভিওত্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না; ভিসা ছাড়াই তিনি দেশটিতে অবস্থান করতে পারবেন।
মার্কিন কর্মকর্তার ভাষ্য, ব্রাজিলে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প প্রশাসনের মনোনীত ড্যানি পেরেজকে এখনো অনুমোদন দেয়নি ব্রাসিলিয়া। এরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তিনি বলেন, ব্রাজিল যদি মার্কিন রাষ্ট্রদূতের নিয়োগ অনুমোদন দেয়, তাহলে রাষ্ট্রদূত ভিওত্তির ভিসাও পুনর্বহাল করা হবে।
ড্যানি পেরেজ ফ্লোরিডা অঙ্গরাজ্যের একজন প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ রিপাবলিকান সহযোগী। গত জুনে তাকে ব্রাজিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলেও মার্কিন সিনেটে এখনো তার চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগেই ট্রাম্প প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্রের দাবি, এ পদক্ষেপ কূটনৈতিক প্রটোকল লঙ্ঘনের শামিল। তাই আনুষ্ঠানিক অনুমোদনের আগে মনোনয়নটি খুঁটিয়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাসিলিয়া। ব্রাজিলের অনুমোদন ছাড়া ড্যানি পেরেজ দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।
এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় ব্রাজিল। দেশটির আশঙ্কা ছিল, আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে ওই মার্কিন প্রতিনিধি দল। সেই ঘটনার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬