প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করা সম্ভব।
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিদ্যমান সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব আরও দৃঢ় করা যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার। আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।”
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান মার্কিন এই বিশেষ দূত। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
সফরের শেষ দিনে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬