
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সংক্ষিপ্ত (সামারি) বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন বেগোপাড়া গ্রামের হারুন আলীর ছেলে সোহান আলী (২৭), মোসলেম আলীর ছেলে মহাসিন আলী (৩৫) এবং শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই শামসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেগোপাড়া এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে জনসাধারণের বিরক্তির কারণ হচ্ছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটকদের দেহ তল্লাশি করে সোহান আলীর কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট, মহাসিন আলীর কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট এবং শরিফুল ইসলামের কাছ থেকে ১ গ্রাম ওজনের ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পরে আটক তিনজনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারের জন্য সোপর্দ করা হলে আদালত সোহান আলী ও শরিফুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া মহাসিন আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬