গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান, অবৈধ বালু ও পাথর উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িত করে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তব্যে আরও বলা হয়, প্রতিবেদনে নিরোলা থমসনকে স্টেলিন তারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি তার ফুফু। এ ধরনের তথ্যগত ভুল সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংবাদ প্রকাশের আগে স্টেলিন তারিয়াংয়ের বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগগুলোর বিষয়ে তার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত সংবাদের সংশোধন এবং প্রতিবাদলিপি সমান গুরুত্ব দিয়ে প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬