
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দুটি বাড়ির গেটের সামনে থেকে কালো টেপে মোড়ানো দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে ইমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন।
ইমদাদুল হকের ছেলে হোসেন জানান, সকালে বাড়ির লোকজন বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করেন। কে বা কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
এসআই মো. আব্দুল করিম বলেন, উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু দুটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।
বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকায় দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬