
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে। নিয়োগ বোর্ডের সুপারিশে একজন নির্দিষ্ট প্রার্থীকে চূড়ান্ত অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ খাতে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক পরিচালক (ক্রয়) ও সাবেক প্রধান প্রকৌশলী (কোম্পানি অ্যাফেয়ার্স) সাইদ একরাম উল্লাকে কেন্দ্র করেই এ বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, পিডিবিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে অবসরে পাঠানো হয়। পরে তিনি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান।
বিদ্যুৎ বিভাগের ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির এক নির্দেশনায় (স্মারক নং: ২৭.০০.০০০০.০৮৯.১১.০০৪.২০.৬৪) এপিএসসিএলকে জানানো হয়, বিদ্যমান চুক্তির মেয়াদ সরাসরি নবায়ন না করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে হবে।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ এপিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত ও মৌখিক পরীক্ষা দুই দফা স্থগিত হওয়ার পর গত ১৮ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে আবারও সাইদ একরাম উল্লার নাম ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে সেই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে নিয়োগ বোর্ডের নিরপেক্ষতা এবং সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অতীত প্রশাসনিক রেকর্ড নিয়ে বিদ্যুৎ খাতের কর্মকর্তা ও প্রকৌশলীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
তবে এ বিষয়ে সাইদ একরাম উল্লা, এপিএসসিএল কর্তৃপক্ষ কিংবা বিদ্যুৎ বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬