খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জ পুলিশ ৩০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।
রোববার (২৬ জুলাই) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
এ কর্মসূচির আওতায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ রেঞ্জাধীন ১০টি জেলা পুলিশ, পুলিশ লাইনস, তিনটি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, আরআরএফ, ২৯টি সার্কেল অফিস, ৬৪টি থানা, ১৫টি পুলিশ তদন্ত কেন্দ্র, ২৪টি পুলিশ ফাঁড়ি এবং ১৫৪টি স্থায়ী পুলিশ ক্যাম্পে মোট ৩০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) মো. কামরুল ইসলাম, পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ডিআইজির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাদক নির্মূল, মাদকের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুন্দরবনে দস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন, খুলনা মহানগরে অপরাধ সংঘটনের পর অপরাধীরা যাতে জেলার বিভিন্ন থানায় আশ্রয় নিতে না পারে, সে জন্য একযোগে বিশেষ অভিযান (এস ড্রাইভ) পরিচালনা করা হবে।
ডিআইজি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্সনির্ভর, প্রযুক্তিনির্ভর, কমিউনিটি এবং ট্র্যাডিশনাল পুলিশিং—এই চার ধরনের পুলিশিংয়ের সমন্বিত প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, খুলনা রেঞ্জ পুলিশ মাদক ও সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৬ সালে মো. মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬