
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মেনে নেওয়ার পর আন্দোলনকারী তরুণদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিজেপির নেতারা জানান, তাদের দ্বিতীয় দাবি ছিল শুধু দিল্লি নয়, বিজেপি শাসিত ও বিজেপির মিত্রদের শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করতে হবে। সরকার সেই দাবিও মেনে নিয়েছে।
সিজেপির প্রতিনিধিরা বলেন, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, সব এফআইআরের কপি তাদের কাছে হস্তান্তর করা হবে। তাদের তথ্য অনুযায়ী, শুধু দিল্লিতেই ১৫ থেকে ২০টি এফআইআর দায়ের হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এসব নথি তারা হাতে পাবেন। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে সরকারের লিখিত নিশ্চয়তা পাওয়ার আশা করছেন তারা।
এদিকে আন্দোলনের অন্যতম নেতা সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত দুই মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছিলেন তরুণ বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার পূরণ হয়।
এরপর আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, লাঠিচার্জ ও মারধরের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে এসব দাবির মধ্যে আরও দুটি দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬