
মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে একটি বাঘ দেখা গেছে। শুক্রবার (২৪ জুলাই)দুপুরে শ্যালা নদীর পাড় দিয়ে এসে বাঘটি বন অফিসের সামনের খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে আবার জঙ্গলে চলে যায়। এ সময় উপস্থিত বনকর্মীরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।
বন বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়; বরং এটি ভিন্ন একটি বাঘিনী।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। আন্ধারমানিক এলাকায় বন অফিসের সামনে বাঘের উপস্থিতি তারই একটি প্রমাণ। আমরা ধারণা করছি, এটি অবমুক্ত করা বাঘিনী নয়, অন্য একটি বাঘিনী। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন,আট কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা ২০টি ক্যামেরা ট্র্যাপে নতুন তিনটি বাঘের ছবি ধরা পড়েছে। পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও রেকর্ড হয়েছে। বনকর্মীরা নিয়মিত টহলে আগের চেয়ে বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, যা সুন্দরবনের বাঘের সংখ্যা ও বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬