
খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব
দেশের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মঙ্গলবার জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চারজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম।
অন্যদিকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ স্টাফ কলেজের নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জে এবং বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার তাহসিন মাসরুর হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬