
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। চুক্তিটি কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ—হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের অনুমোদন প্রয়োজন।
চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ৩০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বেসামরিক পরমাণু শক্তি কর্মসূচির জন্য প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেবে। এর বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে কয়েক হাজার কোটি ডলার পরিশোধ করবে। চুক্তি কার্যকর হলে সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচিতে বিনিয়োগের সুযোগ পাবে মার্কিন কোম্পানিগুলো।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির খসড়া কংগ্রেসে উপস্থাপন করা হবে। এর সঙ্গে যুক্ত থাকবে ‘১২৩ এগ্রিমেন্ট’ নামে একটি নথি, যা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু সহযোগিতার আইনি কাঠামো নির্ধারণ করে।
চুক্তির অন্যতম আলোচিত দিক হলো এতে প্রচলিত ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নীতি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সৌদি আরব চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পরমাণু জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এ ছাড়া চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ‘অতিরিক্ত প্রটোকল’ও অন্তর্ভুক্ত করা হয়নি। সাধারণত এই প্রটোকলের আওতায় আইএইএ যে কোনো সময় সদস্য দেশের বেসামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারে। তবে এই চুক্তিতে প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করবে বলে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, কঠোর আন্তর্জাতিক নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়া এই ধরনের চুক্তি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে।
চুক্তিটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বেসামরিক পরমাণু সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬