কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে বলেও তারা ঘোষণা দেন।
তারা বলেন, বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে যে কমিশন দেওয়া হচ্ছে তা ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। তাই কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানান তারা। তবে দাবি বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনার পথও খোলা থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি এবং ইজারা ফি বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনায় চরম সংকট তৈরি হয়েছে।
এ অবস্থায় কমিশন পুনর্নির্ধারণ করে যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬