
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে ব্যবহারের জন্য একটি টিকার বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি 'কিউডেঙ্গা' (Qdenga) টিকাকে অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর মাধ্যমে ভারতে ডেঙ্গু প্রতিরোধে প্রথম কোনো টিকা আইনি স্বীকৃতি পেল।
অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম কিউডেঙ্গা টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে প্রয়োগ করা হবে। তবে টিকাটির মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। বৈশ্বিক মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ ভারতে ঘটে।
বিশ্বের সবচেয়ে ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ভারত। তাই কিউডেঙ্গা টিকার অনুমোদনকে দেশটির জনস্বাস্থ্য ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই টিকার ব্যবহার ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬