
নিজস্ব প্রতিবেদক
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেন।
ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ-১-এর আওতায় হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-২-এ। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪০ দিন হবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও গ্রহণ করা যাবে।
অন্যদিকে, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এ মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫-এ। এ প্যাকেজেও মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
ধর্মমন্ত্রী আরও জানান, সাশ্রয়ী প্যাকেজে হোটেলের অবস্থান যদি দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তবে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাস সুবিধা নিশ্চিত করা হবে।
সরকারের আশা, নতুন দুটি প্যাকেজের মাধ্যমে ভিন্ন আর্থিক সামর্থ্যের হজযাত্রীরা নিজেদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬