
২০১০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন। নিউইয়র্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরে লা রোজারা।
সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। প্রথমার্ধে বল দখল, পাসিং এবং আক্রমণে পুরোপুরি আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার আক্রমণ বারবার ভেস্তে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন ও রক্ষণভাগ।
ম্যাচের পঞ্চম মিনিটেই লামিনে ইয়ামালের প্রচেষ্টা এবং পরে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় স্পেন এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও লিসান্দ্রো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রচেষ্টায় গোল হয়নি। সপ্তম মিনিটে মেসির নিশ্চিত গোলের সুযোগও রুখে দেন সিমন।
প্রথমার্ধে মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখতে পারে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। বিপরীতে স্পেন ৬৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায়। ওয়ারজাবাল, ফাবিয়ান রুইজ, ইয়ামাল ও কুকুরেয়ার প্রচেষ্টা ব্যর্থ হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু স্পেনের দাপট কমেনি। ফাবিয়ান রুইজ, ওয়ারজাবাল, পরে বদলি হিসেবে নামা ফেরান তোরেস ও পেদ্রি আর্জেন্টিনার রক্ষণে বারবার চাপ সৃষ্টি করেন। এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬তম মিনিটে নিকো উইলিয়ামস বল জালে পাঠালেও মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোল বাতিল করেন রেফারি।
তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে। ১০৬তম মিনিটে পেদ্রো পোরোর ক্রস থেকে নিকো উইলিয়ামস বল বাড়িয়ে দেন ফেরান তোরেসের কাছে। বদলি হিসেবে মাঠে নামা এই ফরোয়ার্ড নিখুঁত ফিনিশে বল জালে পাঠিয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। কিন্তু শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ইয়ামালের নেওয়া ফ্রি-কিকও দারুণভাবে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপরও আর সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে স্পেন। ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় লা রোজা। অন্যদিকে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬