
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো আর মানবে না ওয়াশিংটন। এবার একই অবস্থানের কথা জানিয়েছে তেহরানও।
শনিবার (১৮ জুলাই) ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আরও দু-তিন দিন এভাবে হামলা চালিয়ে যায়, তাহলে তারা ‘সর্বাত্মক অভিযান’ শুরু করবে। একই দিনে যুক্তরাষ্ট্র টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়। এর জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরান।
গত ১৭ জুন দুই দেশের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের বন্দরে মার্কিন অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার এবং ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়।
সমঝোতা অনুযায়ী, ২২ জুন সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের পরপরই আবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা থেমে থেমে চলতে থাকে। সর্বশেষ শনিবার যুক্তরাষ্ট্র টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেলস্টেশন, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে। নতুন করে সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জর্ডানে গত শুক্রবার ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬