খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব
খুলনায় আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশ (৪০) ওরফে আলিমকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা সদর থানার নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলীম হোসেন আকাশের পিতার নাম মীর সোহরাব হোসেন। তিনি খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনা (১৬)-কে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬