ঝালকাঠি প্রতিনিধি
রথযাত্রা দেখতে গিয়ে ফিরে মায়ের নিথর মরদেহ দেখতে হলো মেয়ে পূজা রায়কে। কয়েক ঘণ্টার ব্যবধানে উৎসবের আনন্দ পরিণত হয় শোকে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকালে পূজা রায় তার মা মলিনা রায়কে বাসায় রেখে ঝালকাঠি ভীমরুলি রথযাত্রা দেখতে যান। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, বাসার দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরে প্রবেশ করে তিনি মেঝেতে তার মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের দাবি, নিহতের হাত-পা বাঁধা এবং মাথায় বস্তা পরানো ছিল।
মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। মলিনা রায়কে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই রাতে ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়কে তপন হালদারের তিনতলা ভবনে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ভবনের একাধিক ফ্ল্যাটের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ৫০ বছর বয়সী মলিনা রায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
একটি ধর্মীয় উৎসবের দিন শেষ পর্যন্ত একটি পরিবারের জন্য চরম বেদনাবিধুর ঘটনায় পরিণত হয়েছে। মলিনা রায়ের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬