
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নিয়ে যান।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





