
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তার বিরুদ্ধে ১৯৮১ সালে সংঘটিত জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৯ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দিনের সফরে চট্টগ্রামে যান। সফরের মূল উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন করা। সফরের প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।
পরদিন ৩০ মে ভোররাতে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে একই দিন সকালে রাষ্ট্রীয় বেতারে প্রথমবারের মতো তার মৃত্যুর খবর প্রচার করা হয়।
জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কয়েকজন অভিযুক্ত পলাতক ছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের আটককে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়নি।





