ঝালকাঠি ব্যুরো
ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কীর্তন, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। রথযাত্রায় অংশ নিতে বিভিন্ন বয়সী ভক্তদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
প্রতি বছরের ন্যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পশ্চিম চাঁদকাঠিস্থ ঝালকাঠি ইসকন মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথসহ এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এদিকে ঝালকাঠি মদনমোহন ঠাকুর (বিগ্রহ) আখড়া দেবোত্তর মন্দির থেকেও পৃথক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা জগন্নাথদেবের রথ টেনে হরিনাম সংকীর্তনে অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তিমূলক কীর্তনের মধ্য দিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়া ঝালকাঠির ঐতিহ্যবাহী পূর্ব চাঁদকাঠির পতিতপাবন বাগানবাড়ি মন্দিরেও প্রতি বছরের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।
রথযাত্রা উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি, শ্রদ্ধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য আয়োজন। এই উৎসব জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা পৌঁছে দেয়।
আগামী সপ্তাহে উল্টো রথযাত্রা (বাহুড়া যাত্রা) অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬