
মোঃ বেল্লাল
এই তো সেদিন মায়ের কোলে
দুগ্ধ করিতাম পান,
সবাই তখন বলত আমায়—
“সোনা পাখি জান।”
মিষ্টি মুখের হাসি দেখে
সবাই নিত কোলে,
কান্নাকাটি করলেই বলত—
“ওলে লেলে, ওলে!”
মায়ের হাতে হাত রাখিয়া
হাঁটতে শিখিলাম যখন,
মায়ের মুখের ভাষাখানি
রপ্ত করিলাম তখন।
এই তো সেদিন মাঠের ‘পরে
খেলেছি কত খেলা,
সেই মাঠেই বসত আবার
বৈশাখী দিনের মেলা।
ফাগুনের ঐ শেষ বিকেলে
ঘুড়ি-নাটাই হাতে,
বন্ধু সবে ছুটে বেড়িয়েছি
সবুজ মাঠের পথে।
রঙিন ঘুড়ি আকাশজুড়ে
স্বপ্ন আঁকত নীল,
আকাশজুড়ে ঘুড়ির সাথে
উড়ে যেত চিল।
এই তো সেদিনমাঠপেরিয়ে
পাঠশালাতে যেতাম,
একলা একা আপন মনে
কত যে গান গেতাম।
ছুটির ঘণ্টায় বাড়ি ফিরতাম
সবে মিলেমিশে,
মজার ছলে গল্প হতো
দাঁত কেলিয়ে হেসে।
তখন কী আর মানতাম মোরা
দৈত্য, দানব, জিন—
বহু বছর কেটে গেল আজ,
তাও মন বলে— “এই তো সেদিন।”





