
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। ১২-১৩ জুলাই ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত রয়েছেন।
সম্মেলনের ফাঁকে রোববার মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন নবি উল্লাহ শিরাজিও উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম বিশ্বের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের অগ্রগতি তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক কল্যাণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। নারীদের সহায়তায় সম্প্রতি চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়টিও তিনি উল্লেখ করেন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি নারীর উন্নয়নে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে এ খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয় তুলে ধরে মুসলিম উম্মাহর যৌথ উদ্যোগে নারীর উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬