
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৪-১ গোলের জয় তুলে নেয় ইউরোপের দলটি। ম্যাচে দুই গোল করেন চার্লস ডি কেটেলার, আর একটি করে গোল করেন হান্স ফানাকান ও রোমেলু লুকাকু।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে বক্সের ভেতর থেকে সহজ এক ফিনিশে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলার।
৩১তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতা ফেরান যুক্তরাষ্ট্রের মালিক টিলম্যান। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে আবারও গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলার। তার জোড়া গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজের বড় ভুলে ম্যাচের মোড় ঘুরে যায়। ডি-বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল চলে যায় বেলজিয়ামের ডিফেন্ডার ম্যাক্সিম ডি কুইপারের কাছে। সেখান থেকে হান্স ফানাকান বল পেয়ে ফাঁকা জালে শট নেন। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম গোললাইন থেকে বল ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হন। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।
তৃতীয় গোল হজমের পর সিয়াটল স্টেডিয়ামে নেমে আসে হতাশার নীরবতা। স্বাগতিকদের প্রত্যাবর্তনের আশা তখন প্রায় শেষ হয়ে যায়।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন রোমেলু লুকাকু। ডান পায়ের শক্তিশালী শটে যুক্তরাষ্ট্রের জালে চতুর্থ গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোল থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬