
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স নিজেও বাংলাদেশ সফরে আগ্রহী এবং সুবিধাজনক সময়ে তিনি এ সফর করবেন।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিকভাবে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করে ইতিবাচক সহযোগিতার মাধ্যমে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সৌদি আরবের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ—দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পারস্পরিক আগ্রহেরই প্রতিফলন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সময় নির্ধারণ করা হবে। গ্রীষ্মকাল শেষে প্রধানমন্ত্রীর সৌদি সফর অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬