
রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট ঐতিহাসিক গণমিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে ‘৩৬ জুলাই (৫ আগস্ট)’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে সেলিম উদ্দিন অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়।’ নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা, ১৭ থেকে ৩০ জুলাই শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল, ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬