সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, অনেক গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমগুলোকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছে। প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার এ মুহূর্তে কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে গণমাধ্যমের উচিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে বিভিন্ন মাধ্যমে মানুষ সেটি জানতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশের গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয় বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬