
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সীমান্ত আইন মেনে চলা, সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী আয়োজন করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একইসঙ্গে সীমান্তবর্তী হতদরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিও পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়াম ভবনে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান-গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিক্ষার্থীরা সীমান্তের বিভিন্ন ঘটনা, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধে বিজিবির ভূমিকা এবং সচেতন নাগরিকের দায়িত্ব নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্টের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরে। প্রতিযোগিতায় রচনায় ১৯ জন, চিত্রাঙ্কনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট বিভাগে ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এছাড়া চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০টি করে মোট ৪০টি ফলজ ও বনজ গাছের চারা উপহার দেয় বিজিবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম। তিনি বলেন, সীমান্তের সুরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভিত্তি। এটি শুধু সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সঙ্গেও জড়িত। তিনি আরও বলেন, চোরাচালান, মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচারের মতো জাতীয় হুমকি মোকাবিলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তাদের মাধ্যমে পরিবার সচেতন হবে, তারা শিক্ষিত হয়ে এলাকার প্রতিনিধিত্ব করবে এবং সীমান্ত আইন সম্পর্কে নিজেরা জানবে, অন্যদেরও উদ্বুদ্ধ করবে।”
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তারা এ ধরনের ভিন্নধর্মী আয়োজনের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে দুপুর সাড়ে ১২টায় একই অডিটোরিয়াম ভবনে সীমান্তবর্তী হতদরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সেজানা খান চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে আনুমানিক পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬