
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় আবারও ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৯৪ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনিরোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মিন্দানাও দ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকায় ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
তবে ভূমিকম্পের পরপরই কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ। তা সত্ত্বেও সম্ভাব্য আফটারশক এবং উপকূলীয় এলাকায় কোনো প্রভাব পড়েছে কি না, তা পর্যবেক্ষণে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
উল্লেখ্য, গত সপ্তাহে একই অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ভূমিকম্প-সংক্রান্ত সতর্কতা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই নতুন এই ভূমিকম্প স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: এএফপি





