
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়াই ছিল তার লক্ষ্য। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকের বাংলাদেশ একটি অনন্য রাষ্ট্র হিসেবে গড়ে উঠত এবং সমাজে এত নেতিবাচকতা সৃষ্টি হতো না।
রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে সবাইকে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ, দর্শন ও রাষ্ট্রগঠনে অবদানের বিষয়গুলো তুলে ধরতে হবে। তিনি বলেন, “এখনই সময় আবার জিয়াকে গভীরভাবে স্মরণ করার।”
গণমাধ্যম প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। তিনি গণমাধ্যমের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তার কাছে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমকে চাটুকারিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ও স্বাধীন ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।





