
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে পৌঁছানোর পর তাঁর দেওয়া ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ সংক্রান্ত বক্তব্য তাদের নজরে এসেছে। তিনি এ বক্তব্যের অর্থ কী বোঝাতে চেয়েছেন, তা সরকারের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই এ ধরনের বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সরকারের অবস্থান এবং হাইকমিশনারের বক্তব্যের প্রকৃত অর্থ জনগণের সামনে পরিষ্কার করা উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, যদি বক্তব্যটি আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার ইঙ্গিত বহন করে, তবে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।
জামায়াত আমির সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত সুরাহার আহ্বান জানান এবং বলেন, বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির অবকাশ না থাকে।





