
ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সান মারিনোর স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার করা জোড়া গোলেই নতুন প্রধান কোচ থমাস ডুলির অধীনে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১৭তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার শক্তিশালী শট প্রতিপক্ষের রক্ষণভাগ প্রতিহত করলেও দুই মিনিট পরই এগিয়ে যায় সফরকারীরা। ১৯তম মিনিটে শেখ মোরছালিনের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন তপু বর্মণ।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সান মারিনো। ৩১তম মিনিটে নিকোলাস জাকোপেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে সাদ উদ্দিন সহজ সুযোগ নষ্ট করলে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোচ থমাস ডুলি। সমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলামসহ বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে মাঠে নামিয়ে আক্রমণের গতি বাড়ান তিনি। এর ফলে বলের দখল ও পাসিং ফুটবলে আধিপত্য বিস্তার করতে থাকে বাংলাদেশ।
৪৮তম মিনিটে হামজার চমৎকার থ্রু পাস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি সোহেল রানা। ৬১তম মিনিটে সান মারিনোর বিপজ্জনক ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই নায়কোচিত আবির্ভাব ঘটে তপু বর্মণের। ৮৬তম মিনিটে হামজার নেওয়া ফ্রি-কিক থেকে সৃষ্ট জটলায় বিশ্বনাথ ঘোষের সাইড ভলিতে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের পর উচ্ছ্বাসে জার্সি খুলে উদযাপনে মেতে ওঠেন তপু বর্মণ। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও আনন্দে ফেটে পড়েন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ইউরোপের মাটিতে নিজেদের অন্যতম স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে শুধু একটি ম্যাচই জেতেনি বাংলাদেশ; ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে লাল-সবুজের দল।





