
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। একই সঙ্গে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও।
আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দুর পিঠ চাপড়ে তাঁকে অভিনন্দন জানান।
নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুসহ আরও অনেকে।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। ছাদ খোলা গাড়িতে তাঁর পাশে ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁরা হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
রবীন্দ্র জয়ন্তীর দিনে আয়োজিত এ অনুষ্ঠানে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। পরে বাজানো হয় ভারতের জাতীয় সংগীত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ দলটির কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা।
এ ছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা ও উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।
অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজারো বিজেপি নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেন।
এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান।
এর আগে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে মনোনীত করার ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।





