
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং চলমান উত্তেজনার দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এ পরিস্থিতির মধ্যেই দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, চলমান পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণেই নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আপনারা যখন বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কেন আমরা এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র তৈরি করতে দিতে পারি না।”
ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ এখন বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা উপলব্ধি করছে যুক্তরাষ্ট্র যা করছে তা সঠিক। তিনি আশা প্রকাশ করে বলেন, “খুব দ্রুতই এর সমাধান হবে।”
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্র কূটনৈতিক চ্যানেল সক্রিয় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।





