
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন।
তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এবারের পরীক্ষায় নতুন একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে শুধুমাত্র মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো।





