
রাজধানীতে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্র জানায়, এবারের শোভাযাত্রায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর প্রতিফলন ঘটেছে। অংশগ্রহণকারীদের বহন করা প্ল্যাকার্ড ও শিল্পকর্মে পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার এবং বৈশ্বিক রাজনীতির নানা বার্তা উঠে আসে। বিশেষ করে ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান সবার দৃষ্টি আকর্ষণ করে।
চারুকলা ও টিএসসি এলাকায় ঘুরে দেখা গেছে, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ও প্ল্যাকার্ডের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরেন। এর মধ্যে ছিল ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’সহ বিভিন্ন দাবি।
শোভাযাত্রা চলাকালে ঢোল, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের সুরে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে, যা ঐতিহ্য ও সংস্কৃতির একটি সুন্দর সম্মিলন তুলে ধরে।
নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।





