
মীর মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ-এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের ঘনিষ্ঠ তদারকিতে কসবা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সোমবার দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে কায়েমপুর ইউনিয়নের মইনপুর পশ্চিমপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন এবং তাঁর সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গোলাম সামদানী (২৫)-কে আটক করা হয়েছে। তিনি ছিদ্দিক মিয়ার ছেলে এবং রাউৎখোলা, ৩নং ওয়ার্ড, কায়েমপুর ইউনিয়নের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহন ও সংরক্ষণের বিষয়ে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজনীন সুলতানা বলেন,
“মাদকবিরোধী অভিযান কসবা থানার চলমান কার্যক্রমের অংশ। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক গোলাম সামদানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। কসবা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের ধারাবাহিক উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় মাদককারবারিদের কার্যক্রম কমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
পুলিশ বলছে, কসবা থানা এলাকায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং সন্দেহজনক স্থানে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।





