
আফগানিস্তানের কন্দহার অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের ড্রোন হামলার অভিযোগে শনিবার (১৪ মার্চ) এই পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তালেবান সরকারের উদ্দেশে সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে কাবুল ‘লাল রেখা অতিক্রম করেছে’। খবর আল জাজিরার।
পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তালেবান বাহিনীর পাঠানো কয়েকটি ড্রোন দেশের বিভিন্ন বেসামরিক এলাকা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে উড়ানো হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়।
ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোয়েটায় দুই শিশু আহত হয়েছে। এছাড়া কোহাট ও রাওয়ালপিন্ডি শহরেও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ড্রোন শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে রাজধানী ইসলামাবাদের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
পাকিস্তান দাবি করেছে, কন্দহারের যে স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেখান থেকেই ড্রোন হামলা পরিচালনা করা হয়েছিল এবং এটি সীমান্তপারের বিদ্রোহী কার্যক্রমের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হচ্ছিল।
তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।





