
আনোয়ার হোসেন
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, এলাকায় অস্বাভাবিক হারে মশার উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যা নামলেই বাসা-বাড়ি, মসজিদ ও বাজারে মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর পক্ষ থেকে মাঝে মাঝে ঔষধ ছিটানো হলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপর্যাপ্ত। নিয়মিত ও কার্যকর ফগিং কার্যক্রম না থাকায় পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না বলে জানান এলাকাবাসী।
বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার আশঙ্কায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, দ্রুত নালা-নর্দমা পরিষ্কার, জমে থাকা পানির উৎস চিহ্নিতকরণ ও লার্ভা নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এলাকাবাসীর জোর দাবি অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনা হোক এবং নিয়মিত ও পর্যাপ্ত ঔষধ ছিটানোর ব্যবস্থা করা হোক।
জনস্বাস্থ্য রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।





