বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

0
34
‎
‎ ‎

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কাজ শেষ করেছে নির্বাচন পরিচালনা কমিশন।

গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।

নির্বাচন আয়োজন প্রসঙ্গে এরফানুল হক নাহিদ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন তাঁরা।

এদিকে বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবারের নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের প্রত্যাশা, সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন জমজমাট ও উপভোগ্য হয়ে উঠবে।

যৌথভাবে তাঁরা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’

বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here