
টাইমস অফ ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও ব্যাঙ্ক পোস্ট অবলম্বনে মুখপাত্র ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। স্বাস্থ্য বিভাগ ঝুঁকি বিবেচনায় প্রায় একশ জনকে কোয়ারেন্টিনে রেখেছে। পরিস্থিতি বড় হলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন কতটা নির্বিঘ্ন থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কী জানা যাচ্ছে
ভারতীয় ও আন্তর্জাতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে শনাক্ত আক্রান্তদের ঘিরে কন্টাক্ট ট্রেসিং চলছে। হাসপাতাল সংশ্লিষ্ট সংক্রমণের আশঙ্কাও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কিছু দেশ ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং জোরদার করেছে। থাইল্যান্ডের বিমানবন্দরগুলোতে পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের নজরদারির কথাও এসেছে প্রতিবেদনে।
বিশ্বকাপের সময়সূচি: আয়োজক দেশ
আইসিসির ঘোষিত তথ্য অনুযায়ী ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু ৭ ফেব্রুয়ারি ২০২৬।
কেন উদ্বেগ বাড়ছে
নিপাহ বাদুড়বাহিত ভাইরাস। টিকা নেই। নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসাও সীমিত। তাই দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিংই মূল ভরসা। বিভিন্ন প্রতিবেদনে নিপাহর উচ্চ মৃত্যুহারের কথাও উল্লেখ করা হয়েছে।
সামনে কী হতে পারে
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ী এগোবে। কিন্তু সংক্রমণ ছড়ালে ভ্রমণ বিধিনিষেধ, স্ক্রিনিং আরও কড়াকড়ি, দলগুলোর চলাচল পরিকল্পনা, এবং ভেন্যু ভিত্তিক স্বাস্থ্য প্রটোকলে বড় পরিবর্তন আসতে পারে। এই বাস্তবতায় আয়োজক ও অংশগ্রহণকারী বোর্ডগুলোর জন্য স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা এখন বড় ইস্যু।





