
বিনোদন প্রতিবেদক
২০১৩ সালে একটি ফ্যাশন শোতে অংশগ্রহণের মধ্য দিয়ে মডেলিংয়ে যাত্রা শুরু করেন সোহা ইসলাম। নারায়ণগঞ্জে বেড়ে ওঠা এই মডেলের শৈশব থেকেই স্বপ্ন ছিল ফ্যাশন ও র্যাম্পের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্নকে সঙ্গী করে পরিশ্রম, নিষ্ঠা ও নিয়মিত কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে চলেছেন তিনি।
মডেলিংয়ে পথচলার শুরু থেকেই মা ও ছোট ভাইয়ের সমর্থন পেয়েছেন সোহা। বর্তমানে ঢাকায় বিবাহিত জীবনে স্বামীর কাছ থেকেও পাচ্ছেন পূর্ণ সহযোগিতা। পরিবারের এই সমর্থন তাঁকে মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যেতে অনুপ্রাণিত করছে।
মডেলিংয়ের পাশাপাশি কোরিওগ্রাফি, স্টাইলিং ও মডেল প্রশিক্ষণের কাজেও যুক্ত হয়েছেন সোহা। ২০১৯ সাল থেকে অ্যাসোসিয়েট কোরিওগ্রাফার, স্টাইলিস্ট ও মডেল প্রশিক্ষক হিসেবে বুলবুল টুম্পার সঙ্গে কাজ শুরু করেন তিনি। এই কাজের অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নিজের মেন্টর সম্পর্কে সোহা ইসলাম বলেন, মিডিয়ায় আমার মেন্টর ও আইডল হলেন বুলবুল টুম্পা মা। তিনি অনেক ভালো মনের মানুষ। কোরিওগ্রাফিতে আমি যা করছি, তার সবকিছুই বুলবুল টুম্পা মায়ের কাছ থেকে শিখেছি।

সোহার কাছে মডেলিং কেবল পেশা নয়, বরং দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের একটি মাধ্যম। প্রতিটি কাজের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করেন তিনি। বিশেষ করে বড় বড় ফ্যাশন শোতে অংশ নেওয়ার স্বপ্ন তাঁকে নিয়মিত কাজ করতে উৎসাহ জোগায়। নিজের সেই আকাঙ্ক্ষা পূরণে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মডেল।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোহা জানান, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আরও বড় পরিসরে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলতে চান তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফ্যাশন ও র্যাম্প মডেলিংয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। ধৈর্য, পরিশ্রম ও কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদিন স্বপ্ন পূরণ সম্ভব—এমন বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছেন সোহা ইসলাম।





