
এম.আর.জে শান্ত
মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু। এরপর সংগীতের প্রতি ভালোবাসা থেকে ডিজে পেশায় যুক্ত হওয়া, অভিনয় ও উপস্থাপনায়ও নিজের দক্ষতার পরিচয় দেওয়া—বিভিন্ন মাধ্যমে এভাবেই নিজের পরিচিতি গড়ে তুলছেন ডিজে ইনায়না। একের পর এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির চেষ্টা করছেন এই তরুণী।

২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিনোদন অঙ্গনে পা রাখেন ইনায়না। শুরুতে জাপানি ব্র্যান্ড ‘কোলজো’সহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তবে সংগীতের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আরও আগে থেকে। ২০১০ সালের দিকে মঞ্চে সরাসরি গান পরিবেশন করেছিলেন ইনায়না। পরবর্তী সময়ে গান গাওয়া থেকে সাময়িক বিরতি নিলেও সংগীতের প্রতি ভালোবাসা অটুট ছিল তাঁর।
সেই ভালোবাসা থেকেই ২০১৯ সালে এক ঘনিষ্ঠজনের অনুপ্রেরণায় ডিজে পেশায় যুক্ত হন ইনায়না। শুরুতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও ধীরে ধীরে চর্চা ও একাগ্রতার মাধ্যমে এ পেশায় নিজের দক্ষতা গড়ে তোলেন তিনি। বর্তমানে ডিজে হিসেবে বিভিন্ন কাজের পাশাপাশি মৌলিক গান তৈরির উদ্যোগও নিয়েছেন। শিগগিরই নিজের কণ্ঠে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসার প্রত্যাশা তাঁর।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের সম্ভাবনার জানান দিয়েছেন ইনায়না। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে অনলাইন ভিডিও বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এরপর ২০২৬ সালে এসএ টিভিতে প্রচারিত ঈদের বিশেষ নাটক ‘পোকগার্ল’-এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিতি পান। মডেলিং ও ডিজে পেশার বাইরে অভিনয়ের এই অভিজ্ঞতা তাঁর কাজের পরিধিতে যোগ করেছে নতুন মাত্রা।

এদিকে উপস্থাপনায়ও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইনায়না। সম্প্রতি ‘স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড’ নিবেদিত ‘সাভেরা শোবিজ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হন তিনি। একাধিক মাধ্যমে কাজ করার এই অভিজ্ঞতা তাঁর বহুমুখী কর্মযাত্রাকে আরও বিস্তৃত করছে।
নিজের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী ইনায়না মনে করেন, ভয় কিংবা অন্যের নেতিবাচক মন্তব্যকে লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হতে দেওয়া উচিত নয়। প্রতিটি কাজেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর কাছে প্রতিটি নতুন মাধ্যম মানে নতুন কিছু শেখার সুযোগ, নিজের সামর্থ্যকে আরও ভালোভাবে প্রকাশ করার ক্ষেত্র। আগামী দিনে সংগীত, অভিনয় ও উপস্থাপনায় আরও নতুন কাজের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করতে চান এই প্রতিশ্রুতিশীল শিল্পী।





