প্রবীণরা হোক সামাজিক সম্পদ, সমাজকল্যাণ মন্ত্রীর আহ্বান

Date:

spot_img

আলী আহসান রবি

প্রবীণ জনগোষ্ঠীকে মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

তিনি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের অসচ্ছল জনগোষ্ঠীর জন্য যে ভাতা দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। এ ভাতা আরও বাড়াতে হবে, যাতে অধিকসংখ্যক বয়স্ক মানুষ উপকৃত হন।

বুধবার সকালে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ, অর্থাৎ এক কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে ষাটোর্ধ্ব। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি বা প্রায় পাঁচ কোটিতে দাঁড়াতে পারে। গত ২৫ বছরে মানুষের গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে গড় আয়ু ৭৪ দশমিক ৯ বছর। ২০৫০ সালে তা ৮০ বছর বা এর কাছাকাছি পৌঁছাতে পারে।

তিনি বলেন, দীর্ঘায়ুকে শুধু বয়স বৃদ্ধির হিসাব হিসেবে দেখলে হবে না। প্রবীণ জনগোষ্ঠীকে সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সমাজের কার্যকর সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ বছর ১ অক্টোবর ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি থাকায় কেন্দ্রীয়ভাবে ৭ অক্টোবর ঢাকায় দিবসটি উদযাপন করা হয়। তবে ১ অক্টোবর দেশের জেলা ও উপজেলায় দিবসটি পালিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এ প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ‘সবার আগে বাংলাদেশ’ এর পাশাপাশি ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে কাজ করছে। নবজাতক থেকে প্রবীণ পর্যন্ত জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত মানুষের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে সব লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য সামাজিক উদ্যোগ, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এর আগে সকালে আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে নবীন ও প্রবীণদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ আলোচক ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল ইসলাম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইনতেজার রহমান, সহসভাপতি মঞ্জু আরা বেগম, কেন্দ্রীয় সদস্য হায়াতুন্নবী এবং প্রবীণ নারী শিক্ষক মোমেনা খাতুন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

আলোচনায় বিভিন্ন সামাজিক সংগঠন, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ তরুণী ও প্রবীণ নাগরিকেরা প্রবীণদের স্বাধীন, স্বনির্ভর, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে নানা সুপারিশ তুলে ধরেন।

তারা প্রবীণবান্ধব হাসপাতাল, সরকারি ও বেসরকারি ভবন, মেট্রোরেল, ট্রেন, গণপরিবহন ও বিমানবন্দর গড়ে তোলার পাশাপাশি আয় ও সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কর্মক্ষমতাহীন প্রবীণদের সামাজিক সহায়তা বাড়ানো এবং সম্পত্তি হস্তান্তরসহ প্রবীণদের কল্যাণে বিদ্যমান আইন ও বিধিবিধান কার্যকর করারও আহ্বান জানানো হয়।

আলোচকেরা বলেন, ২০৫০ সালের বাংলাদেশকে এখন থেকেই প্রবীণবান্ধব করে গড়ে তুলতে হবে। এ জন্য পৃথক প্রবীণ অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি।

তারা বিশেষভাবে প্রবীণ নারীদের অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্পদের মালিকানায় নারীরা এখনো বড় ধরনের বৈষম্যের শিকার। দীর্ঘ জীবন তাঁদের অনেকের জন্য আরও কষ্টকর হয়ে উঠছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রবীণ হিতৈষী সংঘের ৯২টি শাখার মাধ্যমে নারীসহ সব প্রবীণের জন্য নতুন শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, আবাসন ও খাদ্য সহায়তায় বরাদ্দ বাড়ানোরও দাবি জানান আলোচকেরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...