
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকছে।
সব মিলিয়ে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)।
অর্থাৎ, দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার টানা ৯ দিনের ছুটি উপভোগ করবে।





