
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক ও সংসদীয় যোগাযোগ এবং সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করেছেন সফররত ফ্রান্সের তিন সিনেটর।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো।
ঢাকার ফ্রান্স দূতাবাস জানায়, তিন সিনেটর তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা এ সফর করছেন।
বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের এটি প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। এ কারণে সফরটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
সফরকালে ফরাসি সিনেটররা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন তারা।
তাদের কর্মসূচির মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে।
এ ছাড়া ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন, জাদুঘর পরিদর্শন, ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রান্সের সিনেট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ। দেশটির অপর আইনসভা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি।





