
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষ রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ মানুষ।
শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় রিচ নাইটন বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ নাগরিক নিহত হয়েছেন।
তিনি জানান, নিহত ও আহতদের অধিকাংশই রুশ সামরিক বাহিনীর সদস্য। নিহতের বড় অংশের ঘটনা ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। নাইটনের দাবি, বিপুল প্রাণহানির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ২ শতাংশ দখল করতে পেরেছে।
যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবন কীভাবে ব্যয় হচ্ছে, নিহতের এই সংখ্যা তারই একটি চিত্র তুলে ধরে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাশিয়ার প্রায় ৫ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে বা স্বামীকে হারিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হতাহতের সংখ্যা নিয়ে উভয় পক্ষের বিভিন্ন পরিসংখ্যান রয়েছে। তবে রিচ নাইটনের দেওয়া এই হিসাব যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে বলে জানানো হয়েছে।





