
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে পিছিয়ে পড়া ও হতদরিদ্র বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি কার্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার ৭১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের জন্য দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৪ কেজি মসুর ডাল,৩কেজি লবণ, ১৩টি ডিম ও ৪ লিটার ভোজ্যতেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর পাশাপাশি শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। সুবিধাবঞ্চিত এসব শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে ওয়ার্ল্ড ভিশনের মতো উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলী তেরেজা কস্তা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। খাদ্য সহায়তার পাশাপাশি শিশুদের শিক্ষা, সুরক্ষা, পুষ্টি ও অধিকার নিশ্চিত করার বিষয়েও সংস্থাটি গুরুত্ব দিয়ে কাজ করছে। পিছিয়ে পড়া পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, ঝলমল মারিয়া, স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার এন্টনি রংধিম, জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা, তাসনিম সুলতানাসহ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তাদের অধিকার, শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।





