
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ আগস্ট) সকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির একজন কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি যেভাবে একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে, তার অন্যতম প্রধান কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘তার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
এদিকে বিএনপি ক্ষমতায় থাকলেও আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো নত হননি। তার ত্যাগ ও আপসহীনতার কারণেই বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। তাই খালেদা জিয়ার নীতি ও আদর্শকে ধারণ করতে হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নেত্রীর নেতৃত্ব নিয়ে আমরা গর্ব করি। তার দূরদর্শী নেতৃত্ব দেশে বিরল। গণতান্ত্রিক লড়াইয়ে তিনিই আমাদের অন্যতম প্রধান আদর্শ।’
দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।





