
বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিরোধীদল সব সংকটের সমাধান এখনই চায়। জনগণের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন তারা কথা বলতে পারে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন সংকট সমাধানে সরকার কাজ করছে। দ্রুত গ্যাস সংকটেরও সমাধান করা হবে। তবে সব সংকট একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে এবং সংকট সমাধানে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এসব সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
গণমাধ্যমের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের আমলে অনেক কিছু লিখতে না পারলেও এখন গণমাধ্যম সত্য-মিথ্যা সবই লিখতে পারছে।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





